
গরমে পুড়ছে বাংলা। চৈত্রের প্রখর তাপে রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর বলছে আপাতত এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উর্দ্ধমুখী থাকবে তাপমাত্রা। বাড়বে অস্বস্তি। তবে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবেই। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও।
আজ গরম ও অস্বস্তির কারণে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার এবং বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা। শুক্রবার আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে।

আবহাওয়া দপ্তর বলছে, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার উচ্চতা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস প্রবেশ করার কারণে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। শনিবার পর্যন্ত গরমের অস্বস্তির সতর্কতা রয়েছে।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বাড়বে।সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। বাকি সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।
source – banglahunt.com
