
পূর্বাভাস মতোই তুমুল ঝড়-বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রাও নেমেছে। আবহাওয়া দপ্তর বলছে, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির ধারা আগামীকালও অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আগাম আপডেট জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল শনি ও তারপর রবিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে। তীব্রতা কমবে যদিও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শহর কলকাতাতেও।
আগামীকাল অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গত দু’দিনের ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমের অস্বস্তি কম। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে ফের ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে টানা বেশ কয়েকদিন চলেছে ভারী বৃষ্টির দাপট। এখনও বৃষ্টি চলছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Credit – banglahunt.com
