Bangla Panjika 2026

বড় টুইস্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় গত কয়েকদিন ধরে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গের মানুষ। অবশেষে গতকাল অর্থাৎ বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়ার বদল দেখা যায়। আকাশ কালো করে শুরু হয় বৃষ্টি। অনেক জায়গাতেই বইতে থাকে দমকা হাওয়া। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এই গরমের পরিস্থিতি বদলাতে চলেছে। সেই পূর্বাভাস মিলতেই এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই শুরু হয়েছে আবহাওয়ার এই পরিবর্তন। দক্ষিণ বিহারে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জায়গা গুলোয় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আগামী ৩০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি চলতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে

আজ কলকাতার আবহাওয়া

আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। মাঝেমধ্যেই দমকা হাওয়া বইছে শহরে। গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর বৃহস্পতিবার শহরবাসী কিছুটা স্বস্তি পেয়েছেন। বুধবার বিকেল থেকেই শহরের বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও ভেজা আবহাওয়া বজায় থাকতে পারে শহরে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদলের সম্ভাবনা নেই। গরম থেকে স্বস্তি মিললেও ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে সতর্ক থাকতে বলছে হাওয়া অফিস। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২৮ ও ২৯ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের পর থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টির পরিস্থিতি কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।

Credit – banglahunt.com

home3