
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দু’দিনের মধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু করলেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে চালু হতে পারে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। পাশাপাশি, ওই দিন থেকেই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা কার্যকর করার কথাও ঘোষণা করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, মহিলাদের আর্থিক সহায়তার লক্ষ্যে এই নতুন প্রকল্প আনার পরিকল্পনা করা হয়েছে। তবে কারা এই সুবিধা পাবেন, কীভাবে আবেদন করতে হবে বা যোগ্যতার নির্দিষ্ট মানদণ্ড কী হবে— সেই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, প্রকল্পে শুধুমাত্র বৈধ ও রাজ্যের স্থায়ী বাসিন্দাদের নামই অন্তর্ভুক্ত করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া কোনও সামাজিক প্রকল্প আপাতত বন্ধ করা হচ্ছে না। একইসঙ্গে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পও রাজ্যে ধাপে ধাপে চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এছাড়াও প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতি রোধ এবং আইনশৃঙ্খলা নিয়ে সরকার কঠোর অবস্থান নেবে বলেও জানানো হয়েছে।
