Bangla Panjika 2026

‘জিরো ভ্যালু টিকিট’ দেখালেই সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা! জানুন কী এই বিশেষ টিকিট

রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে এই পরিষেবা কার্যকর হবে।

সরকারের দাবি, মহিলাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প দূরত্ব থেকে দীর্ঘ রুট— সব ধরনের সরকারি বাসেই মিলবে এই সুবিধা।

পরিবহণ দফতর জানিয়েছে, ভবিষ্যতে প্রত্যেক মহিলা যাত্রীকে কিউআর কোড-যুক্ত একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই কার্ডে উপভোক্তার নাম ও ছবি থাকবে। কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে।

তবে স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা অন্য কোনও সরকারি স্বীকৃত পরিচয়পত্র দেখিয়েই ফ্রি যাত্রার সুবিধা পাওয়া যাবে। পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টর মহিলাদের ‘জিরো ভ্যালু টিকিট’ প্রদান করবেন।

সরকারি সূত্রে জানা গেছে, অর্থ দফতর ও মন্ত্রিসভার অনুমোদনের পরই এই প্রকল্প কার্যকর করা হচ্ছে। রাজ্যের সব মহিলাই এই পরিষেবার আওতায় আসবেন বলে জানানো হয়েছে।

প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে কর্মজীবী মহিলা, পড়ুয়া এবং গ্রামীণ এলাকার বহু মহিলা বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি প্রতিদিনের যাতায়াত খরচও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সরকারি বাসের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ নিয়েও আলোচনা হয়েছে প্রশাসনিক বৈঠকে। দীর্ঘদিন ধরে ডিপোতে পড়ে থাকা বাস মেরামত করা এবং ধাপে ধাপে নতুন সরকারি বাস বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

home3