Bangla Panjika 2026

লন্ডন থেকে নিউইয়র্ক, সবখানেই চর্চা! বাংলায় বিজেপির জয়ের দিকে নজর গোটা বিশ্বের

লন্ডন থেকে নিউইয়র্ক, পাকিস্তান থেকে ঢাকা, এবার শুধুমাত্র দেশ নয় বিদেশেও নজর কাড়ল বঙ্গের পালাবদল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের খবর আন্তর্জাতিক মহলেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের একাধিক প্রথম সারির সংবাদমাধ্যম এই ফলাফলকে ভারতের রাজনৈতিক পরিসরে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। বিশেষ করে বিবিসি এবং দ্য গার্ডিয়ান এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

শুধুমাত্র দেশ নয় গোটা বিশ্বে নজর কাড়ল বিজেপির বঙ্গজয়:

সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি, তাদের ঝুলিতে এসেছে ২০৬টি আসন। অন্যদিকে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮১টি আসন। কংগ্রেস এবং বামফ্রন্ট দুই শিবিরই সীমিত আসনে আটকে গিয়েছে। এই ফলাফলকে অনেকেই পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পূর্ব ভারতে বিজেপির এই জয় মোদির দীর্ঘ রাজনৈতিক যাত্রার অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। পাশাপাশি তৃণমূলের পরাজয়কে শুধু একটি নির্বাচনী হার নয়, বরং পূর্ব ভারতে তাদের রাজনৈতিক প্রভাবের বড় ধাক্কা হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে দ্য গার্ডিয়ান লিখেছে, পশ্চিমবঙ্গ এতদিন বিরোধী রাজনীতির একটি শক্ত ঘাঁটি ছিল, সেখানে এই ফলাফল দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে।

আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস এই ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, মোদির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী রাজনীতি একটি শক্তিশালী বিরোধী ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে তামিলনাড়ুতেও নতুন রাজনৈতিক শক্তির উত্থান আন্তর্জাতিক মহলের নজর কাড়ে। অভিনেতা বিজয়ের দল প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ভালো ফল করায় সেটিকেও বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

Credit – banglahunt.com

home3