
আরব সাগর ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বড় অংশে বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আন্দামান সাগরের অধিকাংশ এলাকাতেও এখন মৌসুমি বায়ুর প্রভাব স্পষ্ট।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে কেরল উপকূলে বর্ষা পৌঁছতে পারে। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য অংশেও বর্ষার অগ্রগতি শুরু হবে। বাংলায় কবে বর্ষা ঢুকবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও আবহাওয়ায় ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলছে।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
সপ্তাহের শুরুতেও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মাঝে কিছুটা বিরতি মিললেও সপ্তাহের মাঝামাঝি ফের আবহাওয়া বদলাতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গেও রবিবার ও সোমবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সোমবারও নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় আবহাওয়া খারাপ থাকতে পারে।
তবে সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে বাড়তে পারে গরম ও অস্বস্তি। কলকাতায় আপাতত তাপমাত্রা উঁচুতেই থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও গুমোট ভাব কাটার সম্ভাবনা কম। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।
