
রাজ্যে বিজেপি সরকার আসতেই কেন্দ্রের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সচেতন হতে শুরু করেছে সাধারণ মানুষ। ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালুর ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে চর্চায় উঠে এসেছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। পূর্বতন তৃণমূল সরকারের আমলে তেমন ভাবে আলোচনার জায়গা পায়নি এই প্রকল্প। তবে এবার কেন্দ্রের তরফে প্রচার শুরু হয়েছে এই প্রকল্প নিয়ে।
কেন্দ্রীয় প্রকল্পে বিনামূল্যে মিলবে বিদ্যুৎ
পিএম সূর্য ঘর যোজনার আওতায় পাওয়া যাবে বিনামূল্যে বিদ্যুৎ। কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ৪০ লক্ষেরও বেশি পরিবার এই বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছে। বর্তমানে প্রতি ৮ দিনে প্রায় ১ লক্ষ মানুষ যুক্ত হচ্ছেন সৌরশক্তিতে। অর্থাৎ প্রতিদিন প্রায় ১২ হাজারেরও বেশি মানুষ আসছেন পিএম সূর্য ঘর যোজনার আওতায়।
কী সুবিধা প্রকল্পে: পিএম সূর্য ঘর যোজনা একটি প্রধান রুফটপ সোলার প্রকল্প। বাড়ির বিদ্যুতের বিল কমানোর সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা হল এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে গ্রিড সংযুক্ত ছাদের সৌর প্যানেলের মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। এমনকি সৌর প্যানেল বসানোর জন্য প্রাথমিক খরচও প্রদান করবে সরকার। ২ কিলোওয়াট পর্যন্ত সিস্টেম খরচের ৬০ শতাংশ, ২-৩ কিলোওয়াট অতিরিক্ত ক্ষমতার জন্য বাড়তি খরচের ৪০ শতাংশ, ৩ কিলোওয়াট সিস্টেমের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি দেয় সরকার।
কারা পাবেন পরিষেবা: কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? উল্লেখ্য, এই প্রকল্পের সুবিধা পেতে হলে হতে হবে ভারতীয় নাগরিক, এমন ছাদযুক্ত বাড়ি কিনতে হবে যেখানে সোলার প্যানেল বসানো যাবে। থাকতে হবে একটি বৈধ ইলেকট্রিক কানেকশন। তবে আগে কোনও রুফটপ সোলার ভর্তুকি প্রকল্পের সুবিধা গ্রহণ করলে মিলবে না এই পরিষেবা।
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে পিএম সূর্য ঘর ন্যাশনাল পোর্টালে যেতে হবে। এরপর রাজ্য, গ্রাহক নম্বর, মোবাইল নম্বর, ডিসকমের বিবরণ, ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। লগইন করে রুফটপ সোলারের জন্য আবেদন জমা দিতে হবে। স্থানীয় ডিসকমের অনুমোদন পেলে রেজিস্টার থাকা বিক্রেতার মাধ্যমে সোলার সিস্টেমটি ইনস্টল করিয়ে নিতে হবে। এরপর নেট মিটারিংয়ের জন্য আবেদন করতে হবে। ভেরিফিকেশন ও অ্যাক্টিভের অনুমোদন পাওয়ার পর ব্যাঙ্কের বিবরণ জমা দিতে হবে। ভর্তুকির টাকা সরাসরি জমা হবে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
Credit – banglahunt.com
