
বাঙালি রান্নাঘরে হলুদের ব্যবহার প্রায় প্রতিদিনেরই। কিন্তু বাজার থেকে কেনা হলুদ গুঁড়ো সত্যিই খাঁটি তো? অনেক সময় এতে কৃত্রিম রং বা ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকতে পারে, যা শরীরের জন্য বিপজ্জনক। তাই সহজ কয়েকটি উপায়ে বাড়িতেই হলুদের বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়া জরুরি।
ভেজাল হলুদ চেনার সহজ উপায়
১) স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা
ভেজাল হলুদে অনেক সময় সীসা বা কৃত্রিম রং মেশানো হয়। দীর্ঘদিন এমন হলুদ খেলে হজমের সমস্যা, স্নায়ুর গোলমাল এমনকি শিশুদের মানসিক বিকাশেও প্রভাব পড়তে পারে।
২) জলের সাহায্যে পরীক্ষা করুন
একটি স্বচ্ছ কাচের গ্লাসে ঈষদুষ্ণ জল নিন। তারপর তাতে এক চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন। গ্লাসটি নাড়বেন না, হলুদকে স্বাভাবিকভাবে নিচে বসতে দিন।
৩) ফলাফল দেখে বুঝুন হলুদ খাঁটি কি না
যদি হলুদ ধীরে ধীরে নিচে জমে যায় এবং জলের রং হালকা হলুদ থাকে, তবে সেটি সাধারণত খাঁটি হলুদ। কিন্তু যদি সঙ্গে সঙ্গে জল গাঢ় বা উজ্জ্বল হলুদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে তাতে কৃত্রিম রং বা রাসায়নিক মেশানো থাকতে পারে।
৪) হাতের তালুতেও করা যায় পরীক্ষা
অল্প হলুদ গুঁড়ো হাতে নিয়ে এক মিনিটের মতো ঘষুন। তারপর সাধারণ জলে হাত ধুয়ে ফেলুন। যদি ধোয়ার পরেও হাতে গাঢ় হলুদ বা কালচে দাগ থেকে যায়, তাহলে সতর্ক হওয়া দরকার। এটি ভেজালের ইঙ্গিত হতে পারে।
