
সময় বা কাল » ভাদ্র মাসের ষষ্ঠীর দিন এই ব্রত করতে হয়। ছেলেদের মায়েরাই এই ব্রত করবে।
১২ ভাদ্র ১৪৩২
২৯ আগস্ট ২০২৫, শুক্রবার
ব্রতের দ্রব্য ও বিধান » কাঁটালী কলা, পিটুলি, খোল বা এঁটে। ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরী করে এবং চাপড়া তৈরী করে পুকুরে ভাসিয়ে দিতে হয়। ছেলেদের মায়েরা যারা ব্রতী তারা আঁচলে কলা বেঁধে ছেলে-মেয়েকে কোলে নিয়ে ষষ্ঠীর ব্রতকথা শুনবে। এই ব্রতের দিন ভাতের বদলে লুচি, পরটা খাওয়াই প্রশস্ত।
ব্রতকথা » কোন এক দেশে এক বণিক বাস করত। তার তিন ছেলে আর তিন বউ ছিল-সকলেরই ছেলেমেয়ে হয়েছিল। বণিক আর বণিকের বউ কিন্তু তার নাতি-নাতনীদের মধ্যে ছোট বউয়ের ছেলেদের সকলের চেয়ে বেশী ভালবাসতো। বণিকের বউ বারোমাসের প্রায় সব রকম ব্রতই করত। সেবারে ভাদ্র মাসের শুক্লপক্ষে চাপড়া ষষ্ঠী ব্রত করার দিন এগিয়ে আসছে দেখে, বণিকের বউয়ের ইচ্ছে হল যে, নতুন পুকুর কাটিয়ে সেই পুকুরের পাড়ে বসে ষষ্ঠী পুজো করবে। সেই কথা-সে বণিককে জানালো। বউয়ের কথায় বণিক সময়মতো পুকুর কাটিয়ে দিল। কিন্তু খুব গভীর করে পুকুর কাটা হলেও তাতে এক ফোঁটা জল উঠল না। বণিক আর বণিকের বউ তাই দেখে আশ্চর্য হয়ে গেল। তারা ভাবল যে, তাদের হয়ত কোনো অপরাধ হয়েছে। সেই ভেবেই তারা দু’জনে মা ষষ্ঠীর নামে উপোস করে সারা রাত শুয়ে রইল। তারা ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে স্বপ্ন দেখল যে, একজন সধবা স্ত্রীলোক এসে বলছে, “শোন, আমিই ষষ্ঠী! যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস্, তাহলেই পুকুর জলে ভরে যাবে-আর তা না করলে তোদের
মঙ্গল নেই।”

সকালে ঘুম ভাঙ্গার পর স্বপ্নের কথা মনে করে তারা কান্নায় ভেঙ্গে পড়ল। অনেকক্ষণ কান্নাকাটির পর তারা স্থির করল যে, মা ষষ্ঠীর আদেশ তারা যেমন করেই হোক নিশ্চয় পালন করবে। এই রকম স্থির করার পর, সকলের অজান্তে তারা ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে তার রক্ত পুকুরে ছড়িয়ে দিতেই সঙ্গে সঙ্গে পুকুরও জলে ভরে উঠল। সকলে তখন পুকুর ঘাটে বসে ষষ্ঠীর পুজো আরম্ভ করল। সকলেই পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসাতে লাগল। ছোট বউ কিন্তু মা ষষ্ঠীর আদেশের কথা কিছুই জানতো না। ছোট বউও পুজো করে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসিয়ে দিল, আর তখুনি জলের ভেতর থেকে তার ছোট ছেলে বেরিয়ে, তার মার কাছে উঠে এল। ছোট বউ ধড়মড়িয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, “তুই কখন জলে পড়ে গিয়েছিলি বাবা?” এই বলে তাকে খুব আদর করতে লাগল। সকলেই অবাক হয়ে এই আশ্চর্য ঘটনা দেখতে লাগল। এই ঘটনার কথা জানিয়ে বণিকের কাছে খবর পাঠানো হল। বণিক তখুনি পুকুর ঘাটে ছুটে এসে মা ষষ্ঠীর স্বপ্নে দেওয়া আদেশের কথা সকলকে জানাল। শুনে সকলে খুব আশ্চর্য হয়ে গেল। এর পর বণিকের ছেলেদের বউয়েরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে ষষ্ঠীদেবীর মাহাত্ম্যের কথা শুনতে বসল। মা যষ্ঠীর দয়ায় বণিকের অনেক ধন-ঐশ্বর্য্য হল এবং সেই থেকে বণিকের বউ চারিদিকে মা ষষ্ঠীর ব্রতের কথা প্রচার করতে লাগল।
ব্রতের ফল» সংসারে ছেলে-মেয়েদের জন্যই এই ব্রত করা হয়। আর এই ব্রত করার ফলে গৃহস্থের সব সময়ই মঙ্গল হয়ে থাকে।
