
বাবা লোকনাথ ছিলেন আমাদের রাজ্যের এক সিদ্ধপুরুষ। তাঁকে স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে লোকনাথ বাবাকে মন দিয়ে ডাকলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
শ্রী লোকনাথ ব্রহ্মচারী, যিনি ১৭৩০ সালের ৩১ আগস্ট, কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন, তাঁকে ভক্তরা শিবের আরেক রূপ হিসেবে পূজা করেন। মহাদেবের মতো তিনিও খুব সহজেই ভক্তদের প্রার্থনা শোনেন। লোককথা অনুযায়ী, শুধুমাত্র তাঁর নাম ধরলেই জীবনের সব বাধা দূর হয়। তাঁর আশীর্বাদে জীবনপথ সুগম হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। শ্রদ্ধা ও ভক্তি দিয়ে তাঁকে ডাকলে তিনি সবসময় ভক্তদের পাশে থাকেন এবং তাদের মনের ইচ্ছা পূরণ করেন। মিছরি ও লবঙ্গ দিয়ে তাঁকে পূজা করলে সহজেই তাঁর আশীর্বাদ পাওয়া যায়।
বাবা লোকনাথের স্মরণ
লোকনাথ বাবা তাঁর সকল ভক্তকে নিজের সন্তানের মতোই ভালবাসতেন। তাই তাঁকে অনেকে শিব লোকনাথ নামেও ডাকেন। কোনও সমস্যা দেখা দিলে তাঁকে স্মরণ করলেই তাঁর কৃপা পাওয়া যায়। তিনি নিজেই বলেছিলেন, “রণে, বনে, জলে, জঙ্গলে যেখানেই বিপদে পড়, আমাকে স্মরণ কর, আমি তোমাকে রক্ষা করব।” এই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমরা যদি লোকনাথ বাবাকে ভক্তিভরে স্মরণ করি, তাহলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। তিনি সবসময় তাঁর ভক্তদের পাশে থাকেন।
লোকনাথ বাবার পুজো
লোকনাথ বাবার পূজা খুবই সহজ। নীল শাপলা বা নীল শালুক ফুল, অন্য কোনো সাদা ফুল এবং বেলপাতা দিয়ে তাঁকে পূজা করলে তিনি খুশি হন। তালশাঁস ও কালোজাম ফল এবং বিভিন্ন ধরনের সাদা মিষ্টি, বিশেষ করে মিছরি বা তাল মিছরি তাঁর প্রিয়। এই সামান্য উপকরণ দিয়েই তাঁকে সহজে সন্তুষ্ট করা যায় এবং তাঁর আশীর্বাদ পাওয়া যায়।

লোকনাথ বাবাকে তুষ্ট করার উপায়
- লোকনাথ বাবাকে প্রসন্ন করতে হলে সবার আগে মহাদেবের পুজো করুন। শিবের আশীর্বাদ পেলেই লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া সম্ভব।
- নীল শাপলা ফুল লোকনাথ বাবার প্রিয়। তাঁকে এই ফুল নিবেদন করে পুজো করুন।
- নৈবেদ্য হিসেবে লোকনাথ বাবাকে মিছরি অর্পণ করুন। পুজো শেষে এই মিছরি বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিন।
- জাতকের কোষ্ঠিতে বিষ যোগ, দারিদ্র্য যোগ বা কেমদ্রুম যোগের মতো অশুভ যোগ থাকলে লোকনাথ বাবার পুজো করা ভালো। এই যোগগুলির কারণে আর্থিক সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে লোকনাথ বাবার পুজো করলে বিপদ কেটে যাবে।
লোকনাথ বাবার মন্ত্র
“জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ।”
এই মন্ত্র জপ করে প্রতি সোমবার বাবা লোকনাথকে পূজা করলে তাঁর কৃপা সহজেই পাওয়া যায়। তাঁর আশীর্বাদে সকল বিপদ দূর হয় এবং মন শান্তি পায়।
