
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি। দিনভর বহাল গরম ও অস্বস্তি। রাতেও শান্তি নেই। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। আর সপ্তাহান্তে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কোথাও কোথাও। ভারী বৃষ্টিপাত হবে না। এছাড়া ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মত জেলাগুলিতে। তাপমাত্রা চরমে পৌঁছতে পারে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

আবহাওয়া দপ্তর বলছে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। আপাতত স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে এদিনও। ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ মূলত ওপরের দিকের জেলাগুলিতে। এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে।
Credit – banglahunt.com
