
বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় ‘মা দিবস’ বা ‘মাতৃ দিবস’। ২০২৬ সালে দিনটি পড়েছে ১০ মে। সন্তানের জীবনে মায়ের ভালোবাসা, ত্যাগ ও আশ্রয়ের প্রতি সম্মান জানাতেই এই বিশেষ দিন উদযাপন করা হয়।
মাতৃ দিবসের ধারণা বহু প্রাচীন। ইতিহাস বলছে, প্রাচীন গ্রিস ও রোমে মাতৃশক্তির আরাধনার নানা প্রথা প্রচলিত ছিল। পরবর্তীতে বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে মাকে সম্মান জানানোর নিজস্ব রীতিও গড়ে ওঠে।
আধুনিক মা দিবস জনপ্রিয় হয়ে ওঠে আমেরিকায়। সমাজকর্মী আনা জার্ভিস ১৯১২ সালে “মাদার্স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন” প্রতিষ্ঠা করেন এবং মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলন শুরু করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে সরকারি স্বীকৃতি দেন। এরপর বিশ্বের বহু দেশ একই দিনে মা দিবস পালন শুরু করে।
তবে সব দেশে দিনটি একইভাবে পালিত হয় না। কোথাও ধর্মীয় প্রথা অনুযায়ী, কোথাও আবার ঐতিহাসিক ঘটনার স্মরণে মা দিবস উদযাপন করা হয়।
মা শুধুই একটি সম্পর্ক নয়, তিনি ভালোবাসা, সাহস, ত্যাগ এবং নিঃস্বার্থ মমতার আরেক নাম। তাই বছরের একটি দিন নয়, প্রতিটি দিনই হোক মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার।
