
গতকাল রাজ্যে ছিল প্রথম দফার ভোট। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বুথে দেখা গিয়েছে লম্বা লাইন, ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে এবার ৯০ শতাংশেরও বেশি ভোট পড়ে রেকর্ড গড়েছে বাংলা। কেন হঠাৎ এত বেশি ভোট পড়ল, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
রেকর্ড ভোটের নেপথ্যে কী বললেন সিইও
গতকালের ভোটে আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বাংলার প্রথম দফার ভোটের হার। ২০১১ সালে যেখানে ভোট পড়েছিল ৮৪ শতাংশ, ২০১৬ সালে ৮২.৬৬ শতাংশ এবং ২০২১ সালে ৮১.৫৬ শতাংশ, সেই তুলনায় এবার ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানান, এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা অনেকটাই পরিষ্কার হয়েছে। মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ পড়ায় প্রকৃত ভোটারের সংখ্যার ভিত্তিতে শতাংশ বেড়েছে। তাঁর কথায়, শুধু বাংলাতেই নয়, দেশের অন্য রাজ্যগুলিতেও সম্প্রতি ভোটের হার বেড়েছে।

তিনি আরও বলেন, বাংলায় সাধারণত ভোটদানের হার বেশি থাকে, তাই এবারও সেই প্রবণতা বজায় রয়েছে। আগামী দফাগুলিতেও ভালো ভোট পড়বে বলেই মনে করছেন তিনি। কলকাতার প্রসঙ্গে সিইও জানান, শহরে সাধারণত ভোটের হার একটু কম থাকে। তবে তিনি কলকাতার মানুষকেও ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান।
গতকালের ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এলেও সামগ্রিকভাবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল। এই পরিস্থিতি বজায় রাখতে সাহায্য করার জন্য সমস্ত রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Credit – banglahunt.com
