Bangla Panjika 2026

কালবৈশাখীর খেলা শুরু! টানা তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি: আবহাওয়ার খবর

গরম বাড়ছে, এরই মধ্যে ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। শুক্রবার থেকে আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। শিলাবৃষ্টিতেও ভিজবে একাধিক জেলা। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামীকাল থেকে দুর্যোগের পূর্বাভাস থাকলেও আজ আবহাওয়া মোটের উপর ভালোই থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতি বদলাবে।

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। আজ রোদ ঝলমলে আকাশ থাকলেও আগামীকাল থেকে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর দাপট দেখা যাবে কলকাতাতেও।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা শুক্রবার থেকে। অধিক দুর্যোগ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সব জেলার কিছু কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এক নজরে উত্তরের আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু অংশে দুর্যোগের পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। শুক্রে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস যেমন থাকবে, তেমনই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। অর্থাৎ দুই বঙ্গেই চলতি সপ্তাহে দুর্যোগের পরিস্থিতি থাকতে পারে।

source – banglahunt.com

home3