
ভোটমুখি বঙ্গে আরজি কর মামলাকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু হল। আরজি কর মামলাকে ঘিরে আবারও নড়েচড়ে বসল কলকাতা হাই কোর্ট। দীর্ঘদিন ধরে তদন্ত নিয়ে প্রশ্ন উঠছিল, বিশেষ করে নির্যাতিতার পরিবারের তরফে। সেই পরিস্থিতিতে এবার বড় মন্তব্য করল আদালত।
আরজি কর মামলা নিয়ে কী বলল কলকাতা হাই কোর্ট?
আরজিকর মামলা প্রসঙ্গে সম্প্রতি আদালত সাফ জানিয়ে দিল যা যা দরকার, সব নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজনে নতুন করে জেরা হোক, আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হোক। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত জানায়, তদন্তে কোনও দ্বিধা না রেখে এগোতে হবে। দরকার হলে সাজাপ্রাপ্ত ব্যক্তি ও সন্দেহভাজনদের আবার ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

প্রসঙ্গত, এই ঘটনায় যিনি সাজাপ্রাপ্ত, তিনি আরও অনেক তথ্য জানেন বলে মনে হচ্ছে। তাই সত্যি জানতে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে সিবিআইকে। এদিন আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইল ও একটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়। এই দু’টি বিষয় খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১২ মে।
এর আগে এই মামলার দেরি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা অভিযোগ করেছিলেন, তদন্ত ঠিক মতো এগোচ্ছে না। দ্রুত বিচার চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তাঁরা।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে চলা এই মামলাটি দ্রুত শেষ করা সম্ভব নয় বলেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন নতুন বেঞ্চে শুনানি চলছে এবং তদন্তে গতি আনতেই আদালতের তরফে এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে।
source – banglahunt.com
