
মহাকাশপ্রেমীদের জন্য রয়েছে এক দারুণ খবর। আগামী ৭ই সেপ্টেম্বর রাতে আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদ হয়ে উঠবে রক্তিম, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত । ভারতসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ।
কখন দেখা যাবে এই গ্রহণ?
ভারতীয় সময় অনুযায়ী, ৭ই সেপ্টেম্বর রবিবার রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদের ঔজ্জ্বল্য ধীরে ধীরে কমতে শুরু করবে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১১টা থেকে এবং চলবে ৮ই সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। প্রায় ৮২ মিনিট ধরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তীর মতে, ৭ই সেপ্টেম্বর রাত ১১টা ৪২ মিনিটে চাঁদ সবচেয়ে বেশি লাল দেখাবে । গ্রহণটি শেষ হবে ৮ই সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে ।
ভারতের প্রায় সব বড় শহর যেমন—কলকাতা, দিল্লি, মুম্বাই, পুণে, এবং হায়দরাবাদ থেকে পরিষ্কার আকাশে এই গ্রহণ স্পষ্ট দেখা যাবে ।
চাঁদ কেন লাল দেখায়?
সাধারণত চাঁদের নিজস্ব কোনো আলো নেই; এটি সূর্যের আলোতেই আলোকিত হয়। চন্দ্রগ্রহণের সময়, সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে ।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার না হয়ে লালচে রঙের হয়ে ওঠে। এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল। এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারির মতে, যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়, তখন নীল রঙের আলোকরশ্মি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, কিন্তু লাল রঙের আলোকরশ্মি কম প্রতিসৃত হয়ে সরাসরি চাঁদের ওপর গিয়ে পড়ে। এর ফলেই চাঁদকে লাল দেখায় ।
তবে, ভারতে যখন গ্রহণটি দেখা যাবে, তখন চাঁদ আকাশের অনেকটা উপরে থাকবে। তাই দিগন্তের কাছাকাছি থাকার সময়ের মতো গাঢ় লাল হয়তো দেখা যাবে না । তবুও, এই মহাজাগতিক দৃশ্যটি প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকতে পারেন মহাকাশপ্রেমীরা।
