
ঘূর্ণিঝড় দিতওয়া শ্রীলঙ্কাকে প্রায় বিপর্যস্ত করে দিয়েছে। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর একের পর এক ধসে দেশজুড়ে নাজেহাল অবস্থা। সরকারি হিসাবে মৃতের সংখ্যা এখন ১৫৩, নিখোঁজ ১৯১ জন। প্রায় ৭৮ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে দিন কাটাচ্ছেন। টানা বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গিয়ে বহু জায়গার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরিস্থিতি এতটাই খারাপ যে বাতিল করতে হয়েছে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট।
এই দুর্যোগের মাঝেই শ্রীলঙ্কায় আটকে পড়েছেন অনেক ভারতীয়। কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের ভিড় বেড়ে চলেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে—যাঁরা সেখানে আটকে আছেন, তাঁরা যেন দ্রুত ভারতীয় হাই কমিশনের দেওয়া লিঙ্কে নিজের তথ্য নথিভুক্ত করেন। জরুরি সাহায্যের জন্য +94 773727832 নম্বরটিও ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
ভারপ্রাপ্ত হাই কমিশনার ডঃ সত্যঞ্জল পান্ডে নিজে বিমানবন্দরে গিয়ে যাত্রীদের সান্ত্বনা দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন—ভারত সরকার যত দ্রুত সম্ভব সবাইকে দেশে ফেরাবে।
এদিকে লাগাতার বৃষ্টিতে বাড়িঘর, কৃষিজমি, চা বাগান, রাস্তা—সবই গুরুতর ক্ষতিগ্রস্ত। নদী ও জলাধারের জলস্তর হঠাৎ বেড়ে যেতেই নতুন করে প্লাবন দেখা দিয়েছে।
এই কঠিন সময়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। ‘অপারেশন সাগর বন্ধু’-র মাধ্যমে ইতিমধ্যেই দুই সামরিক বিমানভর্তি ২১ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। তার আগেই পৌঁছেছে আরও ৬ টন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। পাশাপাশি NDRF-এর ৮০ সদস্যের দুটি উদ্ধারকারী দল, বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত, আর চেতক হেলিকপ্টার উদ্ধারকার্যে মোতায়েন রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭ টন ত্রাণ শ্রীলঙ্কায় পৌঁছেছে।
ভারত জানিয়েছে—এই দুর্যোগে শ্রীলঙ্কাকে সাহায্য করতে তারা শেষ পর্যন্ত পাশে থাকবে।
