Bangla Panjika 2026

লবনবাহী বোকা গাধা – নীতিমূলক গল্প

এক বণিক হাটে হাটে ঘুরে লবণ বিক্রি করত। তার লবণের বোঝা বয়ে নিত একটি গাধা।

একদিন মস্ত একটা লবণের বস্তা গাধার পিঠে চাপিয়ে হাটে চলেছে সেই বণিক। পথে পড়ল একটা চওড়া নালা।

নালায় অনেক জল। পারাপার করার জন্য নালার ওপরে একটি মজবুত সাঁকো রয়েছে। গাধাকে নিয়ে বণিক সাবধানে সাঁকোর ওপরে উঠল।

মস্ত ভারী বোঝা নিয়ে চলতে গাধার খুবই কষ্ট হচ্ছিল। হঠাৎ পায়ে পা বেঁধে গিয়ে গাধা পিঠের বোঝা সুদ্ধ উল্টে পড়ে গেল নালার জলে।

গাধাকে জলে পড়ে যেতে দেখে বণিক হায় হায় করে উঠল। সে তাড়া তাড়ি দৌড়ে গিয়ে গাধাকে জল থেকে টেনে তুলল। কিন্তু ততক্ষণে গাধার পিঠের বস্তার লবণ অনেকটাই জলে গলে গেল। এ ভাবে বস্তার লবণ কমে যাওয়ায় গাধার বোঝাও খুবই হাল্কা হয়ে গিয়েছিল। সে মনের আনন্দে দৌড়ে সাঁকো পার হয়ে গেল। আর একদিন এক হাট থেকে লবণ কিনে বণিক বাড়ি ফিরছে। লবণের ভারী বস্তা গাধার পিঠে চাপান। বোঝার ভারে গাধার পিঠ বেঁকে গেছে। অনেক কষ্টে ধীরে ধীরে হাঁটছে সে।

সেই নালার সাঁকোর কাছে এসে গাধার মনে পড়ে গেল পূর্বের এক দিনের কথা। নালায় পড়ে যাওয়াতে তার পিঠের বোঝা খুবই হাল্কা হয়ে গিয়েছিল।

গাধা করল কি, কোন রকমে সাঁকোর ওপরে উঠল। তারপর ইচ্ছে করেই হঠাৎ পা উল্টে নিচে নালার জলে পড়ে গেল। বেচারা বণিক আজও হায় হায় করতে করতে ছটে গিয়ে গাধাকে টেনে তুলল। তারপর লবণের বস্তাটাও চটপট জল থেকে তুলে গাধার পিঠে তুলে দিল।

জলে ডুবে যাওয়ায় অনেকটাই লবণ গলে গিয়ে বস্তা আগের চেয়ে অনেক হাল্কা হয়ে গিয়েছিল। সেই বস্তা বয়ে নিয়ে যেতে গাধার কোন কষ্টই হল না।

বণিক কিন্তু গাধার এই চালাকি বুঝে গিয়েছিল। দুই দিন একই কাণ্ড ঘটিয়েছে গাধা শুধু পিঠের বোঝা হাল্কা করার উদ্দেশ্যে। বণিক ভাবল, বস্তার লবণ জলে ভাসিয়ে আমার অনেক লোকসান করেছে ঐ দুষ্ট গাধা। এবারে উচিত শিক্ষা দিয়ে গাধার বদ মতলব বন্ধ করতে হবে।

বণিক একদিন প্রচুর তুলো কিনে বস্তা বেঁধে গাধার পিঠে চাপিয়ে দিল। পিঠে তুলোর বোঝা নিয়ে সেই সাঁকোর ওপরে উঠে আজও একই কাজ করল গাধা। পিঠের বোঝা সুদ্ধ নালার জলে লাফিয়ে পড়ল।

এবারে গাধাকে জল থেকে তুলে আনবার জন্য বণিক আগের মত আর ব্যস্ততা দেখাল না। সে জানে তুলো লবণের মত জলে গলে যাবে না। তাই সে ধীরে সুস্থে তুলোর বস্তা সুদ্ধ গাধাকে জাল থেকে পাড়ে টেনে তুলল।

জলে ভিজে তুলোর বোঝা এমন ভারী হয়েছিল যে তা বয়ে নেওয়া গাধার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। বোকা গাধা ভেবেছিল, পিঠের বোঝা জলে ভিজে আগের মতই হাল্কা হয়ে যাবে। কিন্তু এবারে ফল হল বিপরীত। কিছু বুঝতে না পেরে ভারী বোঝা বইতে গিয়ে গাধার প্রাণ বেরয় আর কি!

নীতিবাক্য: সব সময় এক কৌশল খাটে না।

home3