শ্রাবণ মাসে ক’টি সোমবার পড়েছে? শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন? কী কী নিয়ম মেনে চলতে হবে?

শ্রাবণ মাসের সোমবার উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপবাস যদি আন্তরিকতার সঙ্গে পালন করা যায়, তাহলে আশাতীত ফল পাওয়া সম্ভব। বিশ্বাস করা হয়, এতে মনের ইচ্ছেগুলি পূরণ হয়।
এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে। শ্রাবণ মানেই শিব ভক্তির সময়, কেউ করেন উপবাস, কেউ আবার কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর রওনা দেন। কথিত আছে, এই মাসে মহাদেব পার্বতী মাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে আগমন করেন। তাই ভক্তরা তাঁর কৃপা পাওয়ার আশায় নানাভাবে পূজা ও ব্রত পালন করে থাকেন। বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে ব্রত করলে মনোস্কামনা পূরণ হয় এবং মন ও আত্মার বিশুদ্ধতা ঘটে। তবে এই ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেগুলি না জানলে ভুল হতে পারে। ভুলভাবে ব্রত করলে শিবের অসন্তোষের আশঙ্কাও থাকে। এবার শ্রাবণ মাসে কতগুলি সোমবার রয়েছে এবং সেগুলি ইংরেজি ক্যালেন্ডারে কবে পড়েছে, তা দেখে নিন।
শ্রাবণ মাসের সোমবারের উপবাসের তালিকা:
প্রথম সোমবারের উপবাস: ২১ জুলাই ২০২৫।
দ্বিতীয় সোমবারের উপবাস: ২৮ জুলাই ২০২৫।
তৃতীয় সোমবারের উপবাস: ৪ অগস্ট ২০২৫।
শেষ সোমবারের উপবাস: ১১ অগস্ট ২০২৫।

শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালনের সময় কী কী নিয়ম মানতে হবে?
১। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হবে। আগের দিনের বা বাসি জামাকাপড়ে বেশি সময় থাকা ঠিক নয়। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করলেই পূজার জন্য প্রস্তুত হওয়া যায়।
২। উপবাস যাঁরা করেন এবং বাকিরাও এই দিন নখ ও চুল কাটা এড়িয়ে চলবেন। শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোনও ক্ষৌরকর্ম করা যাবে না।
৩। অনেকেই সকাল বা দুপুরে গিয়ে শিবলিঙ্গে জল অর্ঘ্য দেন উপবাসের সময়। তবে শাস্ত্রমতে, সন্ধ্যার সময় শিবের পূজা করা সবচেয়ে উপযুক্ত বলে মানা হয়। সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালার পরে ঘিয়ে বা তেল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত। তারপর মুখে জল দিয়ে উপবাস ভাঙার রীতি আছে। যদি সম্ভব হয়, শিবের অভিষেক করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়।
৪। উপবাস ভাঙলেও আমিষ আহার গ্রহণ করা যাবে না। চালের তৈরি কোনও খাবারও খাওয়া যাবে না। দুধ, সাবু, ফল, মিষ্টি, খই, বাতাসা প্রভৃতি খাওয়া যেতে পারে।
৫। এই দিন কোনও মতে কারও সঙ্গে প্রতারণা করা যাবে না। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। কারও সমালোচনা করাও চলবে না। দান করতে পারলে খুব ভাল হয়।
